আংশিক এনওসি পাচ্ছে গ্রামীণফোন

২৯ মার্চ, ২০২০ ২২:০৬  
আংশিক অনাপত্তি সনদ (এনওসি) পেতে যাচ্ছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। ফলে দীর্ঘ ৮ মাস পর আবারো নতুন যন্ত্রপাতি আমদানি, নেটওয়ার্ক বিস্তারের অনুমোদন, প্যাকেজ, ব্যাংক লোন, বিভিন্ন চুক্তিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারবে অপারেটরটি। চলতি সপ্তাহেই অপারেটরটির চাহিদার এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ চাহিদার অনুমোদনগুলোই পাবে তারা। জানাগেছে, আদালতের রায় অনুযায়ী, এই ব্যবস্থা নেবে বিটিআরসি। সূত্রমতে, গত মঙ্গলবার বিটিআরসির কমিশন বৈঠকে জিপিকে এনওসি দেয়ার বিষয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগকে অপারেটরটিকে তার চাহিদার এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ এনওসি দিতে বলা হয়েছে।